জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার নাম নাছিমা খাতুন (৬০)। নিহত নাছিমা ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। বুধবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে একটি বসতবাড়ি ও রান্নাঘর পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ আবু বক্কর সিদ্দিকের বসতঘরে আগুন লাগে। এ সময় পরিবারে অন্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেও অসুস্থ নাছিমা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ পাঠাবে বাংলাদেশ: শাবিতে পরিকল্পনামন্ত্রী
কবিরহাট থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে এবং অগ্নিদগ্ধ হয়ে মারা যান নাছিমা।’
ইত্তেফাক/অনি/নূহু

