সুন্দরবন থেকে অনুমোদনহীন তিনটি করাত কল অপসারণ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৮:৩৩

মোংলায় সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে জনবসতি এলাকায় লাইসেন্সবিহীন তিনটি কল অপসারণ করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। ওই তিনটি করাত কলের মালিকদের বিরুদ্ধে বন আইনে মামলাও দায়ের করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হক, চাঁদপাই স্টেশন অফিসার ওবায়দুর রহমান, জিউধারা স্টেশন অফিসার নুরুল আফসার ও থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন উপজেলার মিঠাখালী ইউনিয়নের মোল্লারহাট-সাহেবের মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার স মিল মালিক মহসিন মুসল্লি, আবু বকর মোল্লা ও বোরহান মোল্লা বৈধ কাগজপত্র দেখা পারেনি। ফলে তাৎক্ষনিক অভিযানকারীরা স মিল তিনটির মেশিনপত্র খুলে জব্দ করেন। জব্দকৃত মালামাল জিউধারা ফরেস্ট অফিসে রাখা হয়েছে। 

শনিবার বিকেলে জিউধারা স্টেশন অফিসে ওই তিন স মিল মালিক মহসিন মুসল্লী, আবু বকর মোল্লা ও বোরহান মোল্লার বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেছে বন কর্মকর্তা নুরুল আফসার। তবে এখন পর্যন্ত কেউ আটক হননি।

আরো পড়ুন: 'মুজিব আমার পিতা' অ্যানিমেশন চলচ্চিত্রের প্রথম গান ‘তোমার সমাধি’

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হক বলেন, নিষিদ্ধ সীমানার মধ্যে লাইসেন্সবিহীন অবৈধভাবে করাত কল স্থাপনের কারণে তিনটি স মিলের সকল মেশিনারী জিনিসপত্র খুলে জব্দ ও মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

এদিকে বন বিভাগের হিসাব মতে মোংলায় ২৭টি করাত কলের মধ্যে আরো ২৪টি কল চালু রয়েছে। এগুলোর মধ্যে দুই একটি অনুমোদনের অপেক্ষায় আর বাকিগুলোর অনুমোদন রয়েছে বলে দাবি করেছে বনবিভাগ। 

তবে সকল কলগুলোই সুন্দরবন থেকে ১০ কিলোমিটারের মধ্যে। তাহলে চালু কলগুলো কীভাবে অনুমোদন পেলো এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

ইত্তেফাক/এসি