বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আফগানিস্তান পাকিস্তান হতে দেওয়া হবে না: নিক্সন চৌধুরী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৯:৩৭

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আফগানিস্তান, পাকিস্তান হতে দেওয়া যাবে না। কোনো জঙ্গিবাদি কার্যক্রম এদেশে চলবে না। বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল বলেই আমি আজ এমপি, আপনি বড়ো অফিসার। সেই দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। কেউ ঠেকাতে পারবে না।

রবিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর ময়রার মাঠে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ, গণ জামায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের উদ্দেশ্যে বলেন, আপনি আন্দোলন করেন, রাজনীতি করেন কাদের নিয়ে। আমাদের এতিম বাচ্চাদের নিয়ে। আমরা আমাদের বাচ্চাদের মাদ্রাসায় পাঠাই কোরআন শিক্ষা নিতে আর আপনি তাদের নিয়ে রাজনীতি করেন। 

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে, ঠিক সেই সময়ে মামুনুল হকরা ভাস্কর্যের নামে দেশের পরিবেশ অশান্ত করতে উঠেপড়ে লেগেছে। এর কারণ কি? কারা এর পিছনে? কি তাদের উদ্দেশ্য? তারা পাকিস্তানের টাকায় দেশকে অস্থিতিশীল করছে। তিনি যোগ করেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশে হবেই। 

যুবলীগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নিক্সন চৌধুরী বলেন, যারা যুবলীগ নিয়ে গ্রুপিং করেন তারা সাবধান হয়ে যান। আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিগত দিনে, এমপির সুপারিশ, নেতার সুপারিশ আর টাকার জোরে যুবলীগের পদ পেয়েছেন। আগামীতে আর তা হতে দেওয়া হবেনা। যুবলীগের পদ পাবে ত্যাগী, ভদ্র, মাদক বিরোধী শিক্ষিত যুবকরা। বিএনপি-জামায়াতের কোনো স্থান যুবলীগে হবে না।

আরো পড়ুন: শিশুদের নতুন বইয়ের গন্ধ দিতে প্রস্তুত আগৈলঝাড়া

বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম, অর্থ সম্পাদক শাহাদত হোসেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, উত্তর মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য চৈতি বিশ্বাস প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু। 

ইত্তেফাক/এসি