উখিয়ায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩৮

কক্সবাজারের উখিয়ার সীমান্ত পয়েন্ট রেজুআমতলী এলাকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১নং ক্যাম্পের এফ-৩ ব্লকের মৃত নুরুল বশরের ছেলে মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের এফ-১২ ব্লকের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), ৭নং ক্যাম্পের সি-১১ ব্লকের মৃত শামসুরের ছেলে নুর আলম (৩০) ও ১নং ক্যাম্পের সি-১৩ ব্লকের মৃত সুলতান আহমদের ছেলে মো. জুবায়ের (২০)।

আরো পড়ুন: মৃত্যু বেড়ে ৭৪৭৯, শনাক্ত ছাড়িয়েছে পাঁচ লাখ

বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মো. আবদুল আজিজ ভূঁইয়া জানান, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে-এমন সংবাদে বিজিবির রেজুআমতলী সীমান্ত চৌকির (বিওপি) একটি দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাগানপাড়া ফিশারীঘাট এলাকায় অবস্থান করেন। পরে ভোর রাত সাড়ে ৩টার দিকে ৪ ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশের আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

তিনি জানান, আটকের পর ওই ৪ রোহিঙ্গার শরীরে অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইত্তেফাক/এএএম