নিজের খোঁড়া গর্তে নিজেই পড়লেন তমিজ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৩

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অবশেষে নিজেই ফেঁসে গেলেন তমিজ উদ্দিন (৫৫)। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৩টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামে এ ঘটনা ঘটে। 

র‌্যাব-৪ এর মেজর আব্দুল হাকিম জানান, 'পরিচয় গোপন করে তমিজ উদ্দিন নামে এক ব্যক্তি ফোন করেন। ফোনে ওই ব্যক্তি ভাকুম গ্রামের বাছের ফকিরের বাড়ির পাশে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, চারটি পেট্রোল বোমা, ১০টি ককটেলসহ পেট্রোল বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামা রয়েছে বলে খবর দেন'। ওই ফোনের স‍ূত্র ধরে মঙ্গলবার ভোর ৩টার দিকে বাছের ফকিরের বাড়ির পাশে অভিযান চালিয়ে উল্লেখিত আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রোল বোমাসহ বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, 'অভিযানে আসার পর থেকে বার্তা দেওয়া মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেলে তাদের সন্দেহ হয়। পরে নম্বরটি সনাক্ত করে জানা যায় তা স্থানীয় পল্লী চিকিৎসক তমিজ উদ্দিনের'।

আরো পড়ুন:  নরসিংদীতে স্ত্রীকে এসিড ছুড়লো স্বামী

পরে অস্ত্রসহ গোলা বারুদ উদ্ধার করা বাড়ির লোকদের সঙ্গে কথা জানা যায়, বাছের ফকিরের এক ছেলে রাসেল (১৯) হত্যাকান্ডের ঘটনায় তমিজ উদ্দিনের ছেলে রাকিব প্রধান আসামি। দীর্ঘদিন কারাবাস শেষে সম্প্রতি ওই আসামি জামিনে মুক্তি পেয়ে বাছের ফকিরের পরিবারকে মামলাটি প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিলেন। এ ঘটনায় র‌্যাব কৌশলে সিংগাইর থেকে তমিজ উদ্দিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে প্রতিপক্ষ বাছের ফকিরকে ফাঁসানোর কথা স্বীকার করেন তমিজ উদ্দিন।

ইত্তেফাক/অনি/জেডএইচডি