ফুলবাড়ীতে গভীর নলকূপ অপারেটর পরিবর্তনের দাবিতে কৃষকের মানববন্ধন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৩২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া ও গভীর নলকূপের অপারেটর পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। বৃহস্পতিবার উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামের প্রায় চার শতাধিক কৃষক মিলিত হয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শণ শেষে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে গভীর নলকূপের অপারেটর আইয়ুব আলী সরকারী নীতিমালা না মেনে কৃষকদের জিম্মি করে ৮শ থেকে এক হাজার টাকা বিঘা প্রতি অতিরিক্ত ফ্রি নিয়েছিল। এ নিয়ে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটেছে। সে কারণে প্রশাসনের হস্তক্ষেপে তাকে পরিবর্তন করে ওই এলাকার বায়েজিদ ইসলামকে অপারেটর হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি র্দীঘদিন ধরে সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করে আসেন। এর মধ্যে অতি গোপনে আবারো আইয়ুব আলীকে গভীর নলকূপের অপারেটর হিসাবে নিয়োগ দেওয়ায় চরম হতাশায় পড়েছেন কৃষকরা।

আরও পড়ুনঃ চীনে বসন্ত উৎসবে বোনাস দিতে নোটের পাহাড়!

অবিলম্বে আইয়ুব আলীকে প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, কৃষক মমিনুল ইসলাম, আবু সায়েদ, হারুন-অর-রশিদ, লেলিন সরকার, মিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম প্রমূখ।

ইত্তেফাক/নূহু