পীরগাছায় ভুয়া মোবাইল সিম রেজিস্ট্রেশন চক্রের তিন প্রতারক আটক

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:১৮

রংপুরের পীরগাছায় প্রতারণার মাধ্যমে মোবাইল সিম রেজিস্ট্রেশন চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটক তিনজন হলো, উপজেলার নাগদাহ গ্রামের দুলাল হোসেনের ছেলে মাহবুবুল ইসলাম (১৯), বিরাহীম গ্রামের বেলাল হোসেনে ছেলে আকরাম হোসেন (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ (২১)। বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

চক্রটি গ্রামে গ্রামে গিয়ে নতুন সিম বিক্রির নামে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের আঙ্গুলের ছাপ ও এনআইডি নিলেও পূর্বের রেজিস্ট্রেশন করা সিম বিক্রি করে আসছিল। 

উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কুতুব্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বুধবার বিকালে ওই চক্রটি গ্রামের সাধারণ মানুষের মাঝে প্রায় ৩০০টি সিম বিক্রি করে। এ সময় তারা বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের আঙ্গুলের ছাপ ও এনআইডি গ্রহণ করে। কিন্তু তারা নতুন সিমের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করলেও পূর্বের রেজিস্ট্রেশন করা সিম গ্রাহকদের নিকট দেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ ও পীরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের নিকট থেকে এয়ারটেলের ৩৫টি ও রবি ২০৬টি সিমসহ সিম রেজিস্ট্রেশন সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ পীরগাছায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ‘প্রতারক চক্রটি বায়োমেট্রিক পদ্ধতিতে টেলিটকের সিম রেজিস্ট্রেশন করলেও গ্রাহকদের বিভিন্ন কোম্পানীর সিম প্রদান করে আসছিল।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, দীর্ঘদিন থেকে ওই প্রতারক চক্র বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় ৬ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হলেও বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে ‘

ইত্তেফাক/নূহু