বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:১০

‘অবাধ বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহনের জন্য স্মার্ট সীমান্ত ব্যবস্থা’ এই  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকালে বেনাপোলে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বেনাপোল কাস্টমস ক্লাবে সচেতনতামূলক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের  সদস্য (শুল্ক নীতিও গোয়েন্দা) সাইফুল ইসলাম, যশোর কাস্টমস কমিশনার শওকাত হোসেন, ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। 

 

অনুষ্ঠানে কাস্টমস দিবসের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমাদাদুল হক লতা, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, ডেপুটি কমিশনার শাকিলা পারভীন। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সভাপতি শামসুর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, আলহাজ্ব মহসিন মিলন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।  

 

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন যশোর কাস্টম কমিশনার শওকাত হোসেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি কাস্টম হাউস চত্তর থেকে বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে কাস্টম কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ কয়েক হাজার আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহণ করেন। পরে বেনাপোল কাস্টমস হাউস শিক্ষা ফোরাম আয়োজিত ১০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারসহ চেক বিতরণ করেন শার্শা-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন।

 

ইত্তেফাক/ইউবি