পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাজীপুর গ্রামে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে এক গৃহবধূ (২৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।
পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার (২৬মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ওই গৃহবধূ বন্ধুর সঙ্গে ঘুরতে বের হলে প্রথমে চার বখাটে কৌশলে তাকে ডেকে নেয় এবং পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাজীপুরের সালামত তালুকদারের কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাত ১২টার দিকে অপর ৪ লম্পট এদের সঙ্গে যোগ দেয় এবং পাশ্ববর্তী নবীন ও প্রবীর হাওলাদারের কলাবাগানে নিয়ে ওই গৃহবধূকে পুনরায় পালাক্রমে ধর্ষণ করে।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উপজেলা সদরের কানুয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মো. শামিম হোসেন (৩২), দক্ষিণ গাজীপুর গ্রামের আ: হাই হাওলাদারের (ছোট গেদু) ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩), হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার(২৫) সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে।
ইত্তেফাক/এসজেড

