ফেনীতে ১৩ বছরের কিশোরকে হত্যা করেছে ১৩ বছরের কিশোর

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:১১

ফেনীতে মাটিচাপা দেওয়া অবস্থায় আরাফাত হোসেন (১৩) নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ পাওয়া গিয়েছে। খবর পেয়ে ফেনী থানার পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে মৃত আরাফাতের খেলার সাথী সাব্বির হোসেন (১৩) নামে এক কিশোর।
 
নিহত আরাফাত হোসেন প্রবাসী জসিম উদ্দিনের ছেলে। সে ফেনী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। শহরের পাঠানবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় বেশ কিছুদিন ধরে তার পরিবারের সঙ্গে বসবাস করছিল আরাফাত।
 
আরাফাতের মামা এরশাদ হোসেন ইত্তেফাককে জানান, ‘রবিবার (২৭ জানুয়ারি) খেলার মাঠে সাব্বির হোসেনের সঙ্গে আরাফাতের খেলাধূলা নিয়ে কথা কাটাকাটি হয়। সাব্বির সেদিন দিবাগত রাতে ১০টার দিকে আরাফাতকে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে যায়। জেবি টাওয়ারের পাশে পরিত্যক্ত নির্জন জায়গায় থেকে সাব্বিরকে বেরিয়ে আসতে দেখে এলাকাবাসী। এতো রাতে কেন এমন জায়গায় জানতে চাইলে দৌঁড়ে পালায় সাব্বির। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নি।’

এদিকে আরাফাতের নিখোঁজ হওয়ার ব্যাপারটি জানাজানি হলে এলাকার লোকজন পুলিশকে সাব্বির ঘটনাটি জানায়। পুলিশ জেবি টাওয়ারের পিছনে তল্লাশি করতে গেলে আরাফাতকে মাটিচাপা দেওয়া মৃত অবস্থায় উদ্ধার করে। 

ফেনীর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ‘প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে সহপাঠী সাব্বির আরাফাত হোসেনকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে। সাব্বিরকে আটক করতে পারলে মূল ঘটনা জানা যাবে।ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।

আরো পড়ুন: আমির খানের বায়োপিকে অভিনয় করবেন তার ছেলে

এ ঘটনায় সাব্বিরের মা আউলিয়া বেগম ও ভাই আজিয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সাব্বির বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর পুলতা গ্রামের সাহাদাত হোসেনের ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে পাঠানবাড়ী এলাকায় একটি বস্তিতে বসবাস করছে। 

ইত্তেফাক/অনি/নূহু