রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবার পর এবার ছেলেকে ধাওয়া করে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই। ঘটনাটি শুক্রবার রাতে উপজেলার মদনখালী ইউনিয়নের তিন মাথা মোড়ে ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মদনখালীর আকন্দপাড়ায় মোস্তাফিজার রহমানের সঙ্গে ছোট ভাই মুনছুর আলীর দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। রাতে চাচাতো ভাই নুর আলম (২৫) একা পেয়ে মাহাজুর আলমকে (৩২) উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, মোস্তাফিজুর রহমানের সঙ্গে জমিজমা নিয়ে প্রায় ১৫ বছর আগে তার আপন ছোট ভাই মুনছুর আলীর বিরোধ শুরু হয়। এরই জের ধরে প্রায় ১০ বছর আগে মুনছুর আলী বড় ভাই মোস্তাফিজুরকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় দুই পরিবারের মধ্যে বিরোধ আরও বাড়ে। শুক্রবার রাতে মদনখালী তিনমাথার মোড়ে ছুরি নিয়ে মুনছুরের ছেলে নুর আলম তার চাচাত ভাই মোস্তাফিজারের ছেলে মাহাজুর আলমের জন্য অপেক্ষা করছিল। এক পর্যায়ে ঘটনাস্থলে মাহাজুর আসা মাত্রই নুর আলম ধাওয়া করে একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকিয়ে ছুরি দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।
আরও পড়ুনঃ আবাদী জমির মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়
এদিকে পীরগঞ্জ থানা পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে আজ শনিবার ময়না তদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করেছেন। ইউনিয়নটির চেয়ারম্যান শামছুল আলম জানান, ‘বাবার পর ছেলেকে হত্যার ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে পীরগঞ্জ থানায় ৪জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে।’
ইত্তেফাক/নূহু
