ঈশ্বরদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

ঈশ্বরদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি তুষারকে (২০) গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। তুষার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের জনৈক বাদশা প্রামাণিকের ছেলে।

থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি তুষারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,  ‘রবিবার বিকেলে অভিযান চালিয়ে সাড়ে পাঁচটার দিকে পাকুড়িয়া এলাকা হতে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।’

ধর্ষণ মামলায় দায়েরকৃত এজাহার এবং ধর্ষিতার চাচা এনামুল জানান, ‘লক্ষীকুন্ডা উচ্চ বিদ্যালয়ের চৌদ্দ বছরের ৭ম শ্রেণির ছাত্রী তার ভাতিজিকে স্কুলে যাতায়াতের সময় বখাটে তুষার নিয়মিত উত্যক্ত করতো। বিষয়টি অভিভাবকের নিকট অভিযোগ করলে তুষার ক্ষিপ্ত হয়ে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে গত ২ ফেব্রুয়ারি রাত সোয়া ১১ টার দিকে ঘরের পিছনের জানালা ভেঙ্গে সে এবং তার দুই বন্ধু রনি ও শাকিল ঘরে প্রবেশ করে। এ সময় তারা ধর্ষণের শিকার মেয়েটির মুখ গামছা দিয়ে বেঁধে এবং ভয় দেখিয়ে লক্ষীকুন্ডা পশ্চিপাড়ার জনৈক আমিন উদ্দিন বিশ্বাসের আমবাগানে নিয়ে যায়। রবিবার রাত সোয়া ১২টার দিকে রনি ও শাকিলের সহায়তায় তুষার ওই স্কুলছাত্রীকে উপূর্যপরি ধর্ষণ করে ফেলে রেখে যায়।’

এ ঘটনায় রবিবার ঈশ্বরদী থানায় তুষারকে প্রধান আসামি এবং রনি ও শাকিলকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের হলে পুলিশ তুষারকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ওসি জানান, অপর ২ জনকেও গ্রেফতারের জন্য অভিযান চলছে।

ইত্তেফাক/নূহু