স্কুলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে: নিক্সন চৌধুরী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৩

ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘ভাল লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য খেলাধুলার আবশ্যকতা খুবই জরুরি। বিদ্যালয়ে পাঠদানের ফাকে শিক্ষার্থীরা যাতে তাদের সুন্দর মন গঠন করতে পারে সেজন্য প্রতিটি স্কুলেই খেলার মাঠ সচল রাখা জরুরি। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের ভাল লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে।’

সোমবার সকালে ভাঙ্গা উপজেলার ব্রাহ্মন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তার হাতকে আরো শক্তিশালী করতে আমাদের সকলকে তাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। একটি জাতি তখনই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সক্ষম হয় যখন সেই জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে।’

আরো পড়ুন: ‘মা’ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচার হাতে শিশু খুন

নিক্সন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে বীরের জাতি হিসাবে পরিচিত। তাই সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের দায়িত্বশীল ভূমিকা পালন করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে।’

এর আগে এমপি নিক্সন চৌধুরী ও তার সহধর্মিনী তারিন হোসেনকে ফুল দিয়ে তাদের শুভেচ্ছাসহ নেচে গেয়ে তাদের সাদরে গ্রহণ করে নেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকার শতশত নারী-পুরুষ।

শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি নিক্সন চৌধুরী।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসিফ ইকবাল স্বপন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল চন্দ্র মণ্ডলসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

ইত্তেফাক/বিএএফ