পাবনার ঈশ্বরদী থেকে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদীর কৈকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ঈশ্বরদীর কৈকুন্ডা গ্রামের নিহাদ মালিথা ও রিপন আলী। নিহাদ দশম শ্রেণীর ছাত্র এবং রিপন একাদশ শ্রেণীর ছাত্র। তারা পরস্পর বন্ধু।
পুলিশ জানায়, বিগত এক মাস যাবৎ তারা প্রতারণার মাধ্যমে সিম কার্ড ব্যবহার করে ফেসবুক ও বিকাশ একাউন্ট তৈরি করে ‘ব্লাক টাইগার’ নামের টাইম লাইনে ভুয়া ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছে বলে পোস্ট করে। পরীক্ষার্থীরা পোস্ট দেখে তাদের সাথে যোগাযোগ করলে তারা প্রশ্নপত্র দেওয়া কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের একটি দল ঈশ্বরদীর কৈকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরো পড়ুন: ছাত্রদের চুলের স্টাইল বন্ধ করতে সেলুনকর্মীদের দ্বারস্থ প্রধানশিক্ষক
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটককৃতরা পরস্পর বন্ধু ও প্রতারণা সিন্ডিকেটের সদস্য। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের আদালতে হাজির করা হবে।
ইত্তেফাক/বিএএফ
