শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় লাল মিয়া নামে ১০৫ বছর বয়সী এক প্রবীণ কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রামের বাসিন্দা ছিলেন। দুঃখজনক এ ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, কৃষক আলহাজ্ব লাল মিয়া বিকাল সাড়ে ৪টার দিকে আছরের নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হন। হলদীগ্রাম চৌরাস্তা নামক স্থানে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে লাল মিয়া গুরুতরভাবে আহত হন।
আহত লাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুনঃ প্রথম শহীদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।'
ইত্তেফাক/নূহু
