যশোরের চৌগাছা সীমান্ত থেকে ভারতীয় নাগরিক পিয়া সরকার (২০) ও তার প্রেমিকসহ ৭ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি জোয়ানরা। শুক্রবার ভোরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধারপুর গ্রাম থেকে হিজলি ক্যাম্পের জোয়ানরা তাদের আটক করেন।
আটকের পরে ভারতীয় নাগরিক পিয়া সরকারকে প্রথমে স্থানীয় ইউপি সদস্য শিমুল হোসেনের জিম্মায় রাখা হয়। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে তার স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য শিমুল হোসেন।

পিয়া সরকার (মাঝে) [ছবি: ইত্তেফাক]
পিয়াসরকার ভারতের টেংরা গ্রামের বাসিন্দা। তারা একভাই এক বোন। ভাই ভারতীয় সেনা সদস্য। আত্মীয়তার সূত্রে সৌরভ ও পিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।
আটক অন্যান্যরা হলেন, পিয়ার প্রেমিক যশোরের শার্শা উপজেলার কানাই নগর গ্রামের শঙ্কর সরকারের ছেলে সৌরভ সরকার (২৫), একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হাসেম আলীর ছেলে সুজন (২০), রফিকুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (১৮), একই গ্রামের নোমান হোসেন (২৭) তাদের বহনকারী ইজিবাইক চালক একরামুল (২০), চৌগাছার গদাধারপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে আশ্রয় দাতা আখের আলী (৫৫)।
চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআর

