গোপালগঞ্জের কাশিয়ানীতে চিকিৎসককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত চিকিৎসক কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহা (৩২)।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলা পশু সম্পদ অফিসের সামনে সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত চিকিৎসক সুব্রত সাহা জানান, প্রতিদিনের মত তিনি বিকেলে ঘুরতে বেরিয়েছিলেন। সন্ধ্যার দিকে কাশিয়ানী বাসস্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে ওই সড়ক দিয়ে ইজিবাইকে করে বাসায় ফিরছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থেকে অতর্কিতভাবে ৫/৭ যুবক নেমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে কি কারণে তার ওপর হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি মাসুদ রায়হান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে নজরদারীতে রাখা হয়েছে ঘটনা তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।
ইত্তেফাক/এমএএম

