জেলার হরিপুরে বিজিবি কর্তৃক নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ নাগরিক সমাজ। শনিবার বিকাল ৩ টায় পৌরশহরের পশ্চিম চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তব্য রাখেন সিপিবির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম ও মোকাদ্দেস হায়াত মিলন, অঙ্গীকার নাট্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি গৌতম দাস বাবলু, কৃষক নেতা মোর্তুজা আলম, শিক্ষক সমিতির নেতা দেলোয়ার হোসেন দুলাল, ছাত্রমৈত্রী নেতা রফিকুজ্জামান, উদীচীর সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়য়, ছাত্র ইউনিয়ন নেতা শামীম আহমেদ, হরিপুর যাদুরানি এলাকার হাফিজ উদ্দিন, সুনীল চন্দ্র রায় ও হাফিজ উদ্দিন মহরী প্রমুখ।
মানববন্ধনে সিপিবির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েমসহ বক্তারা নিরীহ মানুষদের গুলি করে হত্যা করার ঘটনায় জড়িত বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকৃত ঘটনা তদন্ত করে জনসম্মুখে প্রকাশের জন্য সরকারের কাছে দাবি জানায়।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২ জন
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার হরিপুরে ভারতীয় গরু সন্দেহে জব্দ করাকে কেন্দ্র করে হরিপুরের বেতনা বিওপির বিজিবি সদস্যদের সঙ্গে বহরমপুর গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় বিজিবির ছোড়া গুলিতে রুহিয়া গ্রামে নবাব (৩০), সাদেক মিয়া (৪০) ও বহরমপুর গ্রামের জয়নাল (১২) নিহত ও এ ঘটনায় আরো ১৬ জন গুলিবিদ্ধ হয়। এ সময় বিজিবি সদস্যরাও আহত হয়।
ইত্তেফাক/নূহু

