নাটোরের ইছলাবাড়ী গ্রামের এক দিনমজুরের বাড়িতে আগুন লেগে গরুর ঘরসহ ৪টি গবাদিপশু পুড়ে গেছে। এতে ওই দিনমজুরের অর্জিত একমাত্র সম্পদ পুড়ে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন তিনি।
এলাকাবাসী জানায়, উক্ত গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোজাব্বেল গরু পালনের পাশাপাশি দিনমজুর হিসাবে ইটভাটায় কাজ করেন। গতরাতে তার গরুর ঘরে হঠাৎ করেই আগুন লাগে। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও মোজাব্বেলের ৩টি গরু পুড়ে মারা যায়। এ ঘটনায় আরো একটি গরু আহত হয়। তবে অন্য ঘরে অবস্থান করা সদ্য জন্ম নেওয়া একটি গরুর বাছুর অক্ষত রয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পৌছে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুনঃ যুবলীগ সভাপতি হত্যার ঘটনায় ছয় আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা
এদিকে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘একজন দিন মজুরের একমাত্র অবলম্বন গবাদিপশু পুড়ে যাওয়া সত্যিই মর্মান্তিক। তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত সর্বোচ্চ সহায়তা করা হবে।’
ইত্তেফাক/নূহু

