বগুড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনে ৩ জনকে জেল জরিমানা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগর নদ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে অনুমতি ছাড়াই ইট ভাটায় সরবরাহ করার দায়ে দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড এবং অপর এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার উপজেলার জাহাঙ্গীরাবাদ নয়াপাড়া এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালান।

দণ্ডিতরা হলেন-শিবগঞ্জ উপজেলার উথলি গ্রামের বিকাশ চন্দ্র মোদকের ছেলে বিজয় কুমার (৪২), একই উপজেলার কিচক এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আনিসুর রহমান (২৯) এবং হুদাবালা গ্রামের আসাদ হোসেনের ছেলে তাজেল (২৬)। দণ্ডিতদের মধ্যে বিজয় কুমারকে এক বছরের এবং বাকি দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর ইফতেখারুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারা লংঘনের দায়ে তাদের দণ্ডিত করা হয়েছে। অভিযানকালে নাগর নদ থেকে বালু তোলার পাঁচটি মেশিন ধ্বংস করা হয়েছে। মামলা হয়েছে দুইটি। 

আরো পড়ুন: শেষকৃত্যে এসে গঙ্গার পানিতে প্রাণ হারালো যুবক

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর জানান, দুদকের মহাপরিচালক ও এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে ওই আদালত পরিচালনা করা হয়। 

ইত্তেফাক/অনি