শেষকৃত্যে এসে গঙ্গার পানিতে প্রাণ হারালো যুবক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২২

শেষকৃত্যে এসে গঙ্গার আকস্মিক জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে প্রাণ হারালেন প্রসেনজিৎ মজুমদার (৩১) নামে এক যুবক। মঙ্গলবার রাতে উত্তর কলকাতার নিমতলা ঘাটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া ৭ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও একজন।

জানা গেছে, মঙ্গলবার রাতে নিমতলা শ্মশানে মৃতদেহের শেষকৃত্যে আসেন কয়েকজন। তাদের মধ্যে ৯ জন রাত সাড়ে এগারোটা নাগাদ শ্মশান সংলগ্ন গঙ্গার ঘাটে পবিত্র গঙ্গা-স্নান করতে নামেন। তখনই আচমকা উত্তাল হয়ে ওঠে গঙ্গা। জলোচ্ছ্বাসের ফলে পানির প্রবল স্রোতে ভেসে যান গোসল করতে নামা সবাই। তাদের মধ্যে ৭ জনকে পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধার করতে সক্ষম হন। বাকি দুইজনকে উদ্ধার করতে ব্যার্থ হন তারা। পরবর্তীতে বুধবার সকালে প্রসেনজিৎ মজুমদার (৩১) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া আরও এক বৃদ্ধা। 

আরও পড়ুন:  পুতিনের জনপ্রিয়তায় ধস, ভাষণ দিবেন আজ

প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ দুই জনকে খুঁজতে সারারাত ধরেই নদীতে ডুবুরি নামিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। সকালে প্রসেনজিৎ মজুমদারের মৃতদেহ উদ্ধার হলেও আরেক জনের খোঁজ পাওয়া যায় নি। তাকে খুঁজতে সকালে পানির স্তর নামার পরে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে নদী উত্তাল থাকায় বুধবার সকালে আবারো সতর্কতা জারি করা হয়। এর ফলে গঙ্গার ঘাট থেকে লোকজনকে যথা সময়ে সরিয়ে দেয় পুলিশ। এর কিছুক্ষণের মধ্যে প্রবল জলোচ্ছ্বাস দেখা যায় গঙ্গায়। জলোচ্ছ্বাসের ফলে বার বার ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান।

ইত্তেফাক/জেডএইচডি