রাউজানে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪১

রাউজানে বস্তাবন্দী তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় পূর্বগুজরা ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের লাশ পড়ে ছিল উপজেলার পশ্চিম গুজরার মরহুম বেবী চৌধুরী সড়কের আলহাজ্ব এজহার মিয়া সেতুর উত্তর-পশ্চিম পাশে।

ঘটনাস্থলে উপস্থিত পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির এসআই ফরহাদ হোসেন দৈনিক ইত্তেফাককে বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে একজন অটোরিকশা চালকের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। বস্ত্রবিহীন এই লাশটিকে প্রথমে চটের বস্তায় বন্দী করে বস্তাটিকে সাদা পলিথিন ও নীল পলিথিন দ্বারা মুড়িয়ে কাগজের কার্টনে ভর্তি করে স্কচটেপ ও নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ধারণা করা যাচ্ছে মেয়েটির বয়স আনুমানিক ২৬ বছর।’

দুপুর ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ। এর ১০ মিনিট পর উপস্থিত হন রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের এএসপি জাহাঙ্গীর আলম।

এই ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ দৈনিক ইত্তেফাককে বলেন, ‘তরুণীটির পিঠে, মাথায় খুন্তির ছেঁকাসহ অনেক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি কাজের মেয়ে। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা লাশটি উদ্ধার করে ২টার দিকে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি।’

আরও পড়ুনঃ শিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের এএসপি জাহাঙ্গীর আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে বাইরে কোথাও মেয়েটিকে ধর্ষণ ও নির্যাতন করে হত্যা করে রাতে এখানে ফেলে চলে গেছে। আমরা তদন্তের মাধ্যমে শিগগিরই ঘটনার উৎস খুঁজে বের করবো।’

ইত্তেফাক/নূহু