‘বড়দের কথা এখন কেউ শুনতে চায় না। যদি আমাদের কথা শোনে, সে আশা নিয়ে আমরা রাস্তায় নেমেছি! অতিরিক্তি শব্দ দূষণের ফলে আমাদের পড়ালেখার ক্ষতি হয়। মাথা ব্যাথা করে। অনেক সময় রাস্তা দিয়ে চলাচল করার সময় বিকট শব্দ দূষণে দুর্ঘটনা ঘটে। আমার চাই শব্দ দূষণ বন্ধ হোক।’ ক্ষুদে শিক্ষার্থীরা বলছিলো এ কথাগুলি।
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দ দূষণের অত্যাচারে অতিষ্ট হয়ে অবশেষে মাঠে নেমেছে ক্ষুদে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে শব্দ দূষণের বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হয়। এইমস কিডস কিন্ডার গার্টেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এইমস কিডস কিন্ডার গার্টেনের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ‘হুদাই হর্ণ বাজাবেন ন।’, ‘রিকশায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার নিষিদ্ধ’, ‘হাসপাতালের সামনে শব্দ দূষণে রোগীর ঘুমের ব্যাঘাত ঘটায়’, ‘স্কুলের সামনে হর্ণ বাজাবেন না’ সম্বলিত নানা স্লোগানের ছোট ছোট ব্যানার ছিল।
পরে বেলা ১২টার দিকে এই শিক্ষার্থীরা পূর্ব পাইকপাড়ার লজেন্স ফ্যাক্টরি এলাকায় অবস্থিত এইমস কিডস কিন্ডার গার্টেনের সামনে দাঁড়িয়ে শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদন জানায়।
স্কুলের কয়েকজন শিক্ষক বলেন, ‘অনেক সময় দেখা যায় যানবাহনগুলো অযথা হর্ণ বাজায়। অতিরিক্ত হর্ণ ও মাইকের কারণে শিশুসহ সকল শ্রেণির মানুষের অনেক ক্ষতি হয়।’
আরও পড়ুনঃ রাজশাহীতে অপহৃত রিমার সন্ধান ৯ দিনেও মেলেনি
এইমস কিডস স্কুলের পরিচালক এস এম মুকিত বলেন, ‘আমরা এখন এমন অবস্থায় পৌঁছেছি যে, শব্দ দূষণ বিষয়ে বড়দের কথা এখন মানুষ গুরুত্ব দিতে চায় না! তাই শিশুদের নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। এতে যদি ১০ শতাংশ মানুষও সচেতন হয়, তাহলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপকার হবে।’
ইত্তেফাক/নূহু

