লৌহজংয়ে ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:০১

লৌহজং উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আছিয়া ছৈয়াল (১৬) ট্রাক চাপায় নিহত হয়েছে। লৌহজং-নওপাড়া সড়কের নওপাড়া বাজারের সামনে বেইলি ব্রিজের ওপর ইট বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হয় সে। আছিয়া উপজেলার নওপাড়া গ্রামের আলমঙ্গীর ছৈয়ালের মেয়ে।

নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ডা. মেসলেম খান মন্টু জানান, সোমবার বেলা ১১ টায় স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা দিতে আছিয়া বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। পথে ট্রাকটি চাপা দিলে আছিয়া ঘটনাস্থলেই নিহত হয়। সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী জড়ো হয়ে ট্রাকের চালক দ্বীন ইসলামসহ ট্রাকটি আটক করে।

ট্রাকটি ইট নিয়ে কুচিমোড়া থেকে লৌহজংয়ের আটিগাঁও এলাকায় যাচ্ছিল। আছিয়ার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষাথীসহ এলাকাবাসী লৌহজং-নওপাড়া সড়ক অবরোধ করে মানববন্ধন করে। তারা সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

সংবাদ পেয়ে লৌহজং থানার পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ঘটনাস্থলে পৌঁছে মানববন্ধনকারীদের দাবির প্রেক্ষিতে বিচার করার আশ্বাস দিলে তারা মানববন্ধন উঠিয়ে নেয়। ট্রাক চালককে থানায় সোর্পদ করা হয়েছে। ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, ট্রাকের চালক ও মালিক দ্বীন ইসলামকে (৪১) থানা হাজতে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ দ্বিতীয় দিনে ছাত্রলীগের অবরোধে চবি ক্যাম্পাস অচল

উল্লেখ্য, গত বছর একই ব্রিজের ওপড় আলুর ট্রাকের চাপায় আছিয়ার দাদিরও মৃত্যু হয়।

ইত্তেফাক/নূহু