‘কোনো শিক্ষার্থীর সাথে অর্থের সম্পর্ক গড়ে তুলবেন না’

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১২:০৯

শিক্ষার্থীদের বই পড়ার ওপর গুরুত্ব দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল মান্নান বলেছেন, বেশি বেশি বই পড়লে তোমরা সৃজনশীল হবে এবং মেধাবী হয়ে উঠবে। পরীক্ষায় শুধু ভালো রেজাল্ট করলে চলবে না, পাশাপাশি তোমাদের ভালো মানুষও হতে হবে। তোমাদের অভিভাবকদের বলবে বাসায় ফার্নিচার আর ক্রোকারিজ কমিয়ে বইয়ের সংখ্যা বাড়াতে। 

শনিবার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রফেসর ড. আবদুল মান্নান বলেন, জীবনকে গড়ে তুলতে হলে তোমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বিদ্যালয়ে এসে ফুসকা, ঝাল মুড়ি এসব খাওয়া  চলবে না। এগুলো বিভিন্ন ধরেনের রোগব্যাধী সৃষ্টি করে। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, তোমরা সহপাঠীদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করবে। অসম প্রতিযোগিতায় লিপ্ত হবে না। আর প্রতিযোগিতা করবে নিজের সঙ্গে নিজেকে। 

মান্নান শিক্ষার্থীদের বলেন, বাসা এবং বিদ্যালয়ে নিজের কাজগুলো নিজেরাই করবে। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্বও তোমাদের। বাড়িতে বাবা মায়ের কাজে সর্বদা সহযোগিতা করবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সন্ধ্যার পর কেউ বাসার বাইরে থাকবে না এবং মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে। বিদ্যালয়ের অনুষ্ঠিত বিভিন্ন আচার অনুষ্ঠান তোমরা নিজেরাই পরিচালনা করবে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এবং সমস্যা সমাধানে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৮৩২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয় পরিদর্শন করে প্রথমেই তিনি জেলার সব উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। শিক্ষকরা আন্তরিকভাবে  কাজ না করলে সরকারের উদ্দেশ্য সফল করা সম্ভব নয়।

মান্নান আরও বলেন, শিক্ষকতা আর অন্যসব পেশার মতো নয়। এটি একটি ব্যতিক্রমী পেশা। এখানে শিক্ষককে অনেক ত্যাগ শিকার করতে হয়। শিক্ষকদের অর্থের লোভ থেকে দূরে থাকতে হবে। কোনো শিক্ষার্থীর সঙ্গে অর্থের সম্পর্ক গড়ে তুলবেন না। শিক্ষকদের সম্মান মর্যাদা ধরে রাখতে হবে শিক্ষকদেরই। পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের অবৈধ সুবিধা দেয়ার সঙ্গে জড়িত শিক্ষকরা সাবধান হয়ে যান। এগুলো একজন শিক্ষকের মানমর্যাদা তলানীতে নামিয়ে দেয়।

বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার হিসাবে ক্রোকারিজ দেয়ার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে আপনারা জানেন এ বিষয়ে একটি পরিপত্র জারি হয়েছে পুরস্কার হিসাবে ক্রোকারিজ দেয়া যাবে না। এখন থেকে বই দিতে হবে। শিগগিরই পুরস্কারযোগ্য বইয়ের তালিকাও প্রকাশ করা হবে। 

আরো পড়ুন: খুন-অগ্নি সন্ত্রাস ও ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষকদের শিক্ষকতা পেশার বাইরেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, একজন শিক্ষককে ফুল টাইম শিক্ষক হতে হবে, কিছু সময় ব্যবসায়ী, কিছু রাজনীতিবিদ, কিছু সময়ের জন্য মোড়ল হলে চলবে না। 

বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা অনিলকৃষ্ণ মজুমদার, হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল উল্লাহ। 

সভায় বক্তব্য দেন মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, হবিগঞ্জ বিকেজিসির প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার, প্রধান শিক্ষক মোজাম্মেল হায়দার, প্রধান শিক্ষক ফারুক আহম্মদ। সভায় বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ সোলেমান। অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মো, মনির হোসেন, মো. কামরুল হাসান, আতিকুর রহমান, ক্রীড়া শিক্ষক মো. কামরুল ইসলাম এবং উচ্চমান সহকারী  মো. হাবিবুর রহমান। 

ইত্তেফাক/এমআই