সৌদি আরবের সাকরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ইউনুস আলী (২৮) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর চালাপাড়া গ্রামের দরিদ্র আব্দুল খালেকের পুত্র। গত বুধবার রাতে সৌদি আরব থেকে নিহতের এক আত্মীয় মোবাইল ফোনে তার মৃত্যুর খবরটি প্রথম জানায় পরিবারকে। ইউনুস আলীর মৃত্যুর খবরে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, ইউনুস আলী ভ্যান রিকশা ও অন্যের কাজ করে সংসার চালাতেন। দুই কাঠা জমি বিক্রি করে ও ৫ লাখ টাকা দাদন নিয়ে এক মাস দুই দিন আগে একটি কোম্পানীর ভিসায় সৌদি আরব গিয়েছিলেন। গত বুধবার প্রথম কাজে যোগদান করার কথা ছিল। সকালে সাকরা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
নিহত ইউনুস আলীর শাহাদত (৭), সুমাইয়া (৫) ও মারিয়া নামের ৬ মাসের তিন শিশু সন্তান রয়েছে। ছেলে শাহাদাত স্থানীয় একটি মাদরাসায় পড়ে।
স্ত্রী তাসলিমা খাতুন বলেন, ‘আমার এতিম সন্তানদের এখন কে দেখবে ? যে জমিটুকু ছিল তা বিক্রি করে ও সুদে ঋণের বোঝা নিয়ে বিদেশ গিয়েছিল ও। আমার স্বামীর লাশটা আনার ব্যবস্থা করে দিন আপনারা।’
আরও পড়ুনঃ শিমুল বিশ্বাস কারাগার থেকে মুক্তি পেয়েছেন
নিহতের চাচাত ভাই আব্দুর রউফ বলেন, ‘একেবারেই অতিদরিদ্র পরিবার, অন্যের কাজ করে সংসার চলে ওদের। বিদেশ গিয়ে রোজগার করে ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল ইউনুসের। এখন পরিবারের সদস্যরা দ্বিধার মধ্যে রয়েছে লাশটা দেশে আসবে কি না? তবে সবার চাওয়া লাশটা যেন দ্রুত দেশে আসে।’
ইত্তেফাক/নূহু
