জামালপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ০৫ মে ২০১৯, ১৮:৩৯

জামালপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৯ টার দিকে শহরের শেরপুর ব্রিজের এপ্রোচ সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা, পলিথিন ব্যাগে মুখ ঢাকা অবস্থায় রমজান আলী (৩২) নামের অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রমজান আলী শহরতলীর বেলটিয়া পুলিশ লাইন এলাকার আকবর আলীর ছেলে।

নিহতের স্বজন স্বপন মিয়া জানান, ওই দিন রমজান আলী গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও কোনো সন্ধান পায়নি। পরে বিষয়টি পুলিশে অবহিত করে। অবশেষে শেরপুর ব্রিজের এপ্রোচ সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সেখানে গিয়ে স্থানীয়রা হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা অজ্ঞাত দুর্বৃত্তরা হয় তো রমজান আলীকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে। 

আরও পড়ুন: গাজায় তুর্কী সংবাদ সংস্থার অফিসে ইসরায়েলি হামলা

জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, লাশটি পচন ধরে চেহারা বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/কেকে