‘ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে পুনর্বাসন করা হবে। কোনো মানুষ না খেয়ে মরবে না। কোন মানুষ আশ্রয়হীন থাকবে না। এটা শেখ হাসিনা সরকারের অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাটি ও মানুষকে ভালবাসেন। তাই তিনি বিদেশে থেকেও আপনাদের খোঁজখবর নিচ্ছেন।’
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি মঙ্গলবার এ কথা বলেন। মঙ্গলবার বিকেলে তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার আ স ম আবদুর সরকারি কলেজ মাঠে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-হানিফ এমপি বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে চিকিৎসারত অবস্থায় আমাদের নিদের্শনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে পুনর্বাসন করা হবে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত ত্রাণ সরবরাহ অব্যাহত থাকবে।
এ সময় বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, ‘তারা এখন দেউলিয়া হয়ে যাচ্ছে। দুর্নীতি ও অপরাজনীতির কারণেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজীত কুমার নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ প্রমুখ।
আরও পড়ুনঃ ধনবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
অনুষ্ঠানে ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের এক হাজার পরিবারকে চাল, ডাল, তেল এবং চিনি সম্মিলিত একটি শুকনো খাবারের প্যাকেট ও নগদ পাঁচশত টাকা বিতরণ করা হয়।
ইত্তেফাক/নূহু
