সোমবার সকালে নরসিংদী শহরতলীর বনবিভাগ এলাকার নিজ বাসা থেকে হাবিবুর রহমান (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রায়পুরা উপজেলার আমিরগঞ্জের খলাপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, গত ৯ মে বৃহস্পতিবার বনবিভাগ এলাকার ভাড়া বাসায় ছেলে হাবিবকে রেখে গ্রামের বাড়ি খলাপাড়ায় বেড়াতে যান পরিবারের সদস্যরা। এরপর হাবিবকে মোবাইল ফোনে যোগাযোগ করেও তার কোন সাড়া পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। সোমবার সকালে তারা গ্রামের বাড়ি থেকে ভাড়া বাসায় ফিরে এসে দরোজা ভেতর থেকে বন্ধ পায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না।
এ সময় ভেতর থেকে দূর্গন্ধ পেয়ে থানায় খবর দেন হাবিবের বাবা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরোজা ভেঙে হাবিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে মেঝেতে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুনঃ দামুড়হুদায় ভুল অপারেশনের অভিযোগ, প্রসূতির মৃত্যু
নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
