মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, গ্রেফতার ১

আপডেট : ১৭ মে ২০১৯, ১৮:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তা ফেসবুকে পোস্ট করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪২)। সে সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর কাওন্নারা গ্রামের বুদ্ধ মিয়ার পুত্র। 

এ ঘটনায় সাটুরিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর-২৪(৫)১৯। শুক্রবার বিকালের দিকে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মা।

সাটুরিয়া থানার ওসি ( তদন্ত) আবুল কালাম জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে গত বৃহস্পতিবার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে আপলোড করে। পরে এমন খবরের ভিত্তিতে ওই রাতেই আনোয়ারকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: ঢাকার কেরানীগঞ্জে গরুর খামার থেকে রাখালের মৃতদেহ উদ্ধার

তিনি আরো জানান ,গ্রেফতারকৃত আনোয়ার হোসেন পেশায় একজন পিকআপ চালক ও বিএনপির একজন কর্মী।

ইত্তেফাক/নূহু