পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নে গরু চোরের উপদ্রব বেড়েছে। উপায়ন্তর না পেয়ে গ্রামবাসী রাত জেগে বাঁশের লাঠি, বাঁশি, টর্চলাইট নিয়ে ভোর পর্যন্ত পাহারা দিচ্ছেন। তাদের অভিযোগ, গত একমাসে গৃহপালিত ৩২টি পশু চুরি হয়েছে। ঘটেছে পশু ছিনতাইয়ের মত ঘটনাও।
পাটুলিপাড়া গ্রামের আব্দুর রউফ জানান, বাছুরসহ আমার পাঁচটি বড় গাভী দুর্বৃত্তরা গলায় ছুরি ধরে ছিনিয়ে নিয়ে গেছে। গ্রামবাসীরা আরও জানায়, গত একমাসে পাটুলিপাড়া, কাশিপুর, ভেড়ামারা, পাথরঘাটা, কৈডাঙ্গা ও রাঙ্গালিয়া গ্রামে ২০টি গরু, ২টি মহিষ ও ১০টি ছাগল চুরি হয়েছে।
পারভাঙ্গুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মধৃ বলেন, গরু চুরি ঠেকাতে আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। ওই ইউপির বর্তমান চেয়ারম্যান হেদায়তুল্লাহ হক বলেন, গ্রামবাসীর সঙ্গে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে ছোট ছোট দলে ভাগ করে পাহারা জোরদার করা হয়েছে। এজন্য ইউনিয়ন পরিষদ থেকে পাহারাদারদের পরিচয় পত্র, লাঠি, বাঁশি, ছাতা ইত্যাদি সরবরাহ করা হয়েছে।
আরও পড়ুন: রিফাত হত্যা : আলোচনায় নতুন ভিডিও
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, গ্রামবাসী ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সঙ্গে পুলিশি টহল বাড়ানো হয়েছে। শনিবার রাতে স্বপন, এরশাদ ও আনোয়ার নামের তিন গরু চোরকে আটক এবং একটি গাভী উদ্ধার করা হয়েছে। আটক চোরদের বাড়ি উল্লাপাড়া উপজেলার এলোনজানি গ্রামে। জিজ্ঞাসাবাদে তার পুলিশের কাছে চুরির বিষয় স্বীকার করেছে।
ইত্তেফাক/অনি

