ব্রাহ্মণবাড়িয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৬:১২

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় জহুরুল হক (৯০) ও নজরুল ইসলাম (৩২) নামে দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল হক পৌর শহেের গোকর্ণঘাট এলাকার রুস্তম আলীর ছেলে ও নজরুল ইসলাম আখাউড়া উপজেলা সদরের কুমারপাড়া এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন জহুরুল হক। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই রাতে আখাউড়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে আসছিলো। পথিমধ্যে অটোরিকশাটি সদর উপজেলার রাধিকা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম ছিটকে মহাসড়কে পড়ে গেলে দ্রুতগামী অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন: পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন দুটি দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু