ফতুল্লায় একদল মুখোশধারীর এলোপাতাড়ি কোপে শাকিল(৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৬ জন। গত শনিবার মধ্যরাতে ফতুল্লার দেওভোগ হাশেম নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল দেওভোগ পূর্বনগর এলাকার মৃত আমান উল্লাহর ছেলে।
আহতরা হলেন, দেওভোগ এলাকার শাহবদ্দিন শাওন (৩৫), বাংলা বাজারের শুবাস (৪২), নবী হোসেনের ছেলে সজিবসহ ৭জন। তাদের কুপিয়ে আহত করা হয়েছে। অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে শুভাষ বলেন, ‘আমি শহরের ২নং রেলগেইট এলাকা থেকে বাংলাবাজার বাসায় মোটরসাইকেলযোগে রাত ১১টায় ফিরছিলাম। পথে দেওভোগ হাশেমনগর এলাকায় একদল মুখোশধারী যুবক পথরোধ করে এলোপাতাড়ি কোপায়। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে তাদেরও অনেককে এলোপাতাড়ি কোপায়। কি কারণে তারা এভাবে কুপিয়েছে তা জানি না।’
স্থানীয়রা জানান, স্থানীয় সন্ত্রাসী চান্দু, নিক্সন, তুহিন ও তার বন্ধুরা মুখোশ পরে সড়কে দাঁড়িয়ে ছিলো। তখন এক ব্যাক্তি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। ওইসময় মোটরসাইকেলের লাইটের আলো দাঁড়িয়ে থাকা মুখোসধারী সন্ত্রাসীদের চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহীর ওপর প্রথমে তারা হামলা চালায়। পরে আশপাশের লোকজনদেরও কোপায়।
আরও পড়ুন: বৃথা গেলো মুশফিকের লড়াই, সিরিজ হার
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, একজন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন। এ ব্যপারে ফতুল্লা থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু

