যশোরে ছোটবাবু হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৫

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:৩৫

যশোরের শার্শার ছোটবাবু ওরফে নূর জামাল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়। শুক্রবার বিকেলে যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুর রউফ ওরফে বাবুল ডাক্তারের ছেলে তাজরিয়ান মাহমুদ তুর্য্য, একই গ্রামের ইমরান রেজা খোকনের ছেলে তাহজীবুল বিশ্বাস ওরফে অক্ষয়, আব্দুর রহিমের ছেলে আবু জাফর, কামরুল ইসলামের ছেলে শাহীন হোসেন এবং একই উপজেলার মল্লিকপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, ‘৩১ জুলাই যশোরের শার্শার কালিয়াতি মাঠে একটি অজ্ঞাত যুবকের লাশ পায় পুলিশ। লাশের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার আসামিদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।’

অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, ‘টাকা ও মোটরসাইকেল নিয়ে নিহত ছোটবাবুর সঙ্গে তুর্য্যর বিরোধ চলছিল। এরই জের ধরে আসামিরা ছোটবাবুকে সাতক্ষীরার দেবহাটা মাঝিপাড়া থেকে ৩০ জুলাই ডেকে নিয়ে আসে। এরপর ফেনসিডিল খাওয়ার কথা বলে শার্শার কালিয়াতিতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে হত্যা করা হয়।’

আরও পড়ুন: নবাবগঞ্জে মাইক্রোর ধাক্কায় নিহত ১, অসহায় হয়ে পড়লো পরিবারটি

তিনি বলেন, ‘নিহত ছোট বাবুর নামে ঢাকা ডিএমপি দারুস সালাম থানায় একটি মামলা রয়েছে। এছাড়া তার বড়ভাই বড় বাবুর নামে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। বর্তমানে বড়বাবু যশোর কেন্দ্রীয় কারাগারে আটক।’

ইত্তেফাক/নূহু