ভেঙ্গে পড়লো ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের গার্ডার

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৯:৩৮

ঝিনাইদহ শহরের ধোপাঘাটায় নবগঙ্গা নদীর উপর নির্মাণাধীন একটি ব্রিজের দুইটি বৃহৎ আকারের গার্ডার (বেষ্টক) ভেঙ্গে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ২০ জন শ্রমিক। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। ব্রিজের গার্ডার ভেঙ্গে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি সূত্রে জানা গেছে, জাইকার অর্থায়নে মনিকা লিমিটেড পিডব্লিউ ০৩ প্যাকেজের আওতায় ব্রিজটি নির্মাণ করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাজ শেষে এখন ব্রিজের দুই পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল।

কোম্পানির ম্যাসেঞ্জার ওলিউর রহমান জুয়েল জানান, ‘গার্ডার নির্মাণের পর জগ দিয়ে গার্ডার দুটি প্রতিস্থাপনের সময় করার সময় অসাবধান বশত প্রায় একশ ফুট দৈর্ঘ্য গার্ডার দুইটি নিচে পড়ে গেছে। শ্রমিকরা এ সময় খাবার গ্রহণ করায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।’

আরো পড়ুন: পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ, প্রাণ গেলো চালকের

পশ্চিম বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রোজেক্টের ম্যানেজার জাকির আলম জানান, ‘১২০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমের জেলাগুলোতে ৯টি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তারমধ্যে ঝিনাইদহের ধোপা ঘাটায় একটি নির্মাণ করা হচ্ছে। তবে তিনি বলেন, নির্মাণ কাজে ত্রুটির জন্য গার্ডার দুটি ভেঙ্গে পড়ে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

ইত্তেফাক/বিএএফ