মুলাদীতে ডেঙ্গু আক্রান্ত ১২ জন

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৮:০৫

বরিশালের মুলাদীতে গত এক সপ্তাহে ১২জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলায় ডেঙ্গু পরীক্ষার কীট ও চিকিৎসা ব্যবস্থা না থাকায় চিকিৎসকরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের বরিশাল শেবাচিম হাসপাতাল কিংবা ঢাকায় প্রেরণ করতে বাধ্য হচ্ছেন। 

মুলাদী হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহে উপজেলার অনেকে জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে কমপক্ষে ১২জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা না থাকায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুলাদী পৌরসভার বেলিব্রিজ এলাকার এনায়েত মাঝির স্ত্রী সাদিয়া, ইকবাল হাওলাদারের স্ত্রী মনি বেগম, নূরু মাঝির পুত্র শামিম মাঝি, অলিউল বেপারীর স্ত্রী সুমী বেগমসহ প্রায় ১০ জন রোগী বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন।

এ ব্যাপারে মুলাদী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান বলেন, ‘গত এক সপ্তাহে আমরা ১২জন ডেঙ্গু রোগী শনাক্ত করেছি। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশালের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ডেঙ্গু জ্বর শনাক্ত ও চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসক মঙ্গলবার বিকালে যোগদানের কথা রয়েছে।’

আরও পড়ুন: চন্দনাইশে পৃথক হত্যা মামলার পলাতক ৪ আসামি গ্রেপ্তার

মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল বলেন, ‘পৌরসভার কিছু ওয়ার্ডে ডেঙ্গু রোগীর কথা শোনা গেলেও পৌর কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘটের কারণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু