রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ভাইরাসজনিত এ রোগে শঙ্কা বাড়ছে মানুষের মনে। তবে শুরু থেকে সচেতন থাকলে জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে যার যার অবস্থান থেকে সক্রিয় ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অপরদিকে, জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির নির্দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু রোধে গত মঙ্গলবার (৬ আগস্ট) সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এডিস মশার বংশবিস্তার রোধে নিজের কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে জনসচেতনতায় এবার মাঠে নেমেছে মাদারীপুরের শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ। বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলার আশপাশ ও থানায় ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত থাকেন তিনি। বেলা ১২টায় শিবচর থানার নবাগত ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলার সমস্ত গ্রাম পুলিশ (চকিদার) ও সকল পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি থানার সমানে থেকে বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় তার সঙ্গে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক আমির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু রোধে সচেতন হওয়ার বিকল্প নেই। গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মদ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার বার্তা পৌঁছে দিতেই আজ গ্রাম পুলিশদের নিয়ে সচেতনতামূলক আলোচনা ও র্যালি করেছি। এ সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এমআই
