মনিরামপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৭:১৬

যশোরের মনিরামপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার দেবিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই মকবুল হোসেন (৫৫) ও ছোট ভাই মাহফুজুর রহমান ওরফে মফু ওই গ্রামের মৃত মকছেদ আলী গাজীর ছেলে।

নিহতের চাচাতো ভাই স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, কয়েক বছর ধরে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ চলে আসছিল। গত ১০ দিন ধরে এ বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। এরই জের ধরে ঘটনার দিন সকালের দিকে মাহফুজুর রহমান বাড়িতে গিয়ে আচমকা মকবুল হোসেনের বুকে হাসুয়া দিয়ে কোপ দেয়। ঘটনার পর মকবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা তাকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার বসু জানান, হাসপাতালে আনার আগেই মকবুল হোসেনের মৃত্যু হয়। বুকের বামপাশে গভীর ক্ষতের কারণে হার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তবে ঘাতক ছোট ভাই মাহফুজুর রহমানকে আটক করতে পারেনি পুলিশ। 

আরও পড়ুন: শিমুলিয়ায় পারাপারে অপেক্ষায় ৫শ যান, ঘাটে অনিয়ম দেখলেই ব্যবস্থা

ওসি জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে জানতে পেরেছি। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু