ঈমাম নিয়োগের জটিলতায় হলো না ঈদের জামাত

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৯:৩৯

ঈমাম নিয়োগের জটিলতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঘমারা ঈদগাহ মাঠে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ফলে মুসল্লিরা যে যার মতো অন্যান্য মাঠে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। এ ঘটনায় গ্রামের সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বাঘমারা মাঠে দরবস্ত ইউনিয়নের ঈদের সব থেকে বিশুবাড়ি, গন্ধর্ববাড়ি, রহলা, কাজী পাড়াসহ পার্শ্ববর্তী প্রায় ৭ গ্রামের ৬ থেকে ৭ হাজার মানুষ প্রতি বছর ঈদের নামাজ আদায় করতেন। প্রতি বছর জোওনপুরীর পীর এ মাঠে ঈদের নামাজ পড়াতেন। তবে এবার এ মাঠের মুসল্লিদের এক অংশ এ পীরের পেছনে নামাজ আদায় করতে রাজি না হওয়ায় পীরের পক্ষে-বিপক্ষে দুটি অংশে বিভক্ত হয় এবং দু’অংশের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

আরো পড়ুন: কাশ্মীর সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

এ ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ গণমাধ্যমকে জানান, মুসল্লিদের উভয় পক্ষকে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য ডাকা হয়েছিল তবে দু’পক্ষের মাঝে কয়েকদফা বৈঠক করেও সমাধানে আসতে পারেনি। তাই আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। মুসল্লিরা যে যার মতো অন্যান্য মাঠে ও আলাদা জামাতে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

ইত্তেফাক/বিএএফ