বরিশালের গৌরনদী পৌর এলাকার বাদামতলা নামক এলাকায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলায় এক ভ্যানচালক খুন হয়েছেন। তার নাম আকাশ সরদার (১৬)। আকাশ উপজেলার বাঙ্গিলা গ্রামের বাসিন্দা মানিক সরদারের পুত্র। সে তার পিতা-মাতার সঙ্গে বাদামতলায় শামসুর রহমানের বাসায় ভাড়া থাকতো এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
ঘটনার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিলো। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে গৌরনদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের মামা এরশাদ বয়াতী জানান, আকাশদের পাশের বাসার ভাড়াটিয়ার কন্যার কু-কৃতি দেখে ফেলায় সন্ত্রাসী দিয়ে তার ভাগ্নেকে হত্যা করা হয়েছে।
গৌরনদী মডেল ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বাদামতলা নামক এলাকা থেকে আকাশ সরদারকে অজ্ঞাত দূর্বৃত্তরা ডেকে নিয়ে মাথার পিছনে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে হাসপাতাল গেটেই আকাশের মৃত্যু হয়।
আরও পড়ুন: পীরগাছায় বিয়ে বাড়ির খাবার খেয়ে বর-কনেসহ অসুস্থ অর্ধশত
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য আকাশের পাশের ভাড়াটিয়া সিমা আক্তার (১৬) ও তার মা তাছলিমা বেগম (৩৫) কে আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
