কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে সুবিদপুর-হায়াতপুর ভায়া মনোহরপুর খালের উপর সেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীসহ লোকজন। গ্রামের উত্তর পাড়াসহ পার্শ্ববর্তী কড়ইয়া গ্রামের মানুষ দীর্ঘ দিন ধরে এই দুর্ভোগ বয়ে আসছে।
উক্ত দুয়ারি বাড়ির পাশে খালের উপর একটি বাঁশের সাকো রয়েছে। এটিরও নড়বড়ে অবস্থা। এ নড়বড়ে সাকোর উপর দিয়ে চলাচল করতে গিয়ে এই গ্রামে অবস্থিত উচ্চ বিদ্যালয়, ফাজিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি নুরানি মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার লোকজনরা সাকো থেকে পড়ে প্রায়ই আহত হচ্ছেন বলে স্থানীয়রা জানান।
আরো পড়ুন: ১০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন শিল্পা
মনোহরপুর গ্রামের মজিবুর রহমান, আবুল বাশার ও কড়ইয়া গ্রামের, বশির মিয়া, আ. জব্বার, সবুজ ও আমান উল্যাহ জানান- দীর্ঘ কয়েক যুগ ধরে দুয়ারি বাড়ির পূর্ব পাশে বাঁশের সাকোর স্থানে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছে। বিশেষ করে কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যানের নিকট দফায় দফায় দাবি জানানো হয়েছে। কিন্তু উল্লেখিত স্থানে সেতু নির্মাণের কোন পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি।
এ বিষয়ে কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব জুয়েলের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ইত্তেফাক/জেডএইচ

