শরণখোলায় উত্তর খোন্তাকাটা রাশিদিয়া (স্বতন্ত্র) এবতেদায়ী মাদরাসার সুপারের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত (১৯ আগস্ট) রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে মাদরাসা সুপারকে আসামি করে শরণখোলা থানায় ধষর্ণের মামলা করেছেন।
অভিযুক্ত মাদরাসা সুপারের নাম মাওলানা ইলিয়াছ জমাদ্দার (৪৮)। পুলিশ মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিশু শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
থানায় মামলার এজাহার ও ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট উপজেলার উত্তর খোন্তাকাটা রাশিদিয়া (স্বতন্ত্র) এবতেদায়ী মাদরাসার সুপার মাওলানা ইলিয়াছ সকাল সাড়ে ৭টার দিকে মাদরাসার পঞ্চম শ্রেণির ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসার লাইব্রেরি কক্ষে ডেকে নেয়। এরপর তাকে ধর্ষণ করে। তারপর এই ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
ধর্ষণের পর ওই শিশু শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মার কাছে ঘটনা খুলে বলে। পরে মানসম্মানের কথা চিন্তা করে ধর্ষণের বিষয়টি গোপন রেখে ওইদিন স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর তাকে মোরেলগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে তার পরিবার।
এ ব্যাপারে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন জানান, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় চিকিৎসায় সুস্থ না হওয়ায় তার পিতা রফিক হাওলাদার বিষয়টি তাকে জানান। তখন তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন। ওই মাদরাসা সুপারের বিরুদ্ধে এর আগেও এ ধরণের একাধিক অভিযোগ রয়েছে বলে চেয়ারম্যান জানান। অভিযুক্ত সুপার ইলিয়াছ পলাতক রয়েছেন।
আরও পড়ুন: মিটফোর্ডে ২৪ ঘন্টায় ভর্তি ১০৫ জন ডেঙ্গু রোগী, ১ জনের মৃত্যু
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মফিজুর রহমান শেখ জানান, ধর্ষণের শিকার ওই শিশু শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু

