সাভারে নকল ডিটারজেন্ট কারখানায় সিলগালা, ৪২ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২৩:০৭

সাভারের হেমায়েতপুর এলাকার চলন্তিকা হাউজিংয়ে অবস্থিত উদয় টয়লেট্রিজ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠানটিকে এসব অনিয়মের কারণে ৪২ লাখ টাকা জরিমানা এবং পরিচালক লালন উদ্দিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন আহম্মেদ।

বিএসটিআইয়ের নাম ব্যবহার করে বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়ক নকল করে অনুমোদনহীন ডিটারজেন্ট ও কসমেটিক সামগ্রী প্রস্তুত ও বাজার করাসহ নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ দণ্ড দেওয়া হয়। রবিবার দুপুরে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ নিন্মমানের ডিটারজেন্ট জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, 'উদয় টয়লেট্রিজ  এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিভিন্ন ধরনের নকল ডিটারজেন্ট তৈরি ও বাজারজাত করে আসছিলো। বিষয়টি আমাদের নজরে আসার পর বিএসটিআইয়ের সহযোগিতায় কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।'
 
তিনি বলেন, 'অভিযান পরিচালনা করে দেখা যায় প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণ এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ডিটারজেন্ট তৈরি করেছে। বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়ক নকল করে নামের কিছুটা পরিবর্তন করে একই ডিটারজেন্টকে ১০টি ভিন্ন নামে বাজারজাত করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো।

আরও পড়ুন: পীরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় ২ যুবক গ্রেফতার

এ অপরাধে কারখানাটি সিলগালা করাসহ নগদ ৪২ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক লালন উদ্দিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ইত্তেফাক/নূহু