কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের বেইলি ব্রিজটি মরণফাঁদ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:১০

নীলফামারীর কিশোরগঞ্জ ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সংযোগ সড়কে বাহাগিলি ঘাটের চাঁড়ালকাটা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির কয়েকটি স্থানে স্টিলের বড় বড় অংশ খসে পড়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনসহ পথচারীরা।

এলাকাবাসীসহ পথচারীরা জানায়, গত তিন বছরে ব্রিজ থেকে পড়ে গিয়ে কমপক্ষে ৫০ বার দুর্ঘটনা ঘটেছে। এতে গুরতর আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। সর্বশেষ সোমবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ থেকে তারাগঞ্জ যাওয়ার পথে একটি ট্রাক ব্রিজের ওপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের মোকার সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটির সামনের অংশ ভেঙ্গে চুরমার হয়ে যায়। এ সময় ট্রাক চালক সাগর মিয়া (৪০) ট্রাকের হেলপার আইয়ুব আলী (২৮) গুরতর আহত হলে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রিজটি ঝুকিপূর্ণ হওয়ার কারণে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ থেকে গত তিন বছর আগে 'সাবধান ঝুঁকিপুর্ণ বেইলি ব্রিজ' লিখে একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। দায়সারাভাবে এ দায়িত্বটুকু পালন করার পর ব্রিজটি সংস্কারে আর উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

ব্রিজে ওঠার সময় দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: ইত্তেফাক

জানা গেছে,  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা হয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সঙ্গে সহজে যোগাযোগের জন্য বাহাগিলি ইউনিয়নের চাঁড়ালকাঁটা নদীর ঘাটের পারে ১৯৮৬ সালে সরকার ওই ব্রিজটি নির্মাণ করে। ব্রিজটি নির্মাণের পর থেকে প্রায় ৩১ বছর পেরিয়ে গেলেও ব্রিজটি আর সংস্কার করা হয়নি। ফলে ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে।

বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু বলেন, সম্প্রতি তারাগঞ্জ হাট থেকে একটি যাত্রীবাহী ভ্যান ব্রিজের ওপর উঠলে ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে ভ্যান চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। এ সময় আনারুল ইসলাম নামে এক যাত্রীর পা ভেঙ্গে যায়। আমি বেশ কয়েকবার নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ব্রিজটি সংস্কারের বিষয়ে জানালেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ বলেন, 'আমি এই থানায় যোগদানের পর বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পেয়েছি। খুব দ্রুত ব্রিজটি সংস্কার করা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।'

আরও পড়ুন: ভেড়ামারায় অনিক হত্যাকারীদের ৮ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, 'আমি নীলফামারীতে নতুন এসেছি। ব্রিজটির বিষয়ে খোঁজ খবর নিয়ে খুব তাড়াতাড়ি ব্রিজটি সংস্কার কিংবা নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠাবো।'

ইত্তেফাক/নূহু