বকশীগঞ্জে শিক্ষকের ওপর হামলায় মামলা

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৬:৫৭

বকশীগঞ্জ উপজেলার সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষিকাকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ার অভিযোগে একই স্কুলের সভাপতি প্রার্থী ও সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সাসহ অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বীনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে এম মাহবুব আলম জানান, প্রধান আসামি হামিদুর রহমান ফর্সাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। 

উল্লেখ্য, সাজিমারা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এই নিয়ে বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বীনাকে চাপ প্রয়োগ করে আসছিলো হামিদুর রহমান। একই কারণে রাফিউল ইসলাম রাফি নামে এক শিশুকে তার নিজের সন্তান পরিচয়ে স্কুলে ভর্তি করেন। কিন্তু  হামিদুর রহমান ফর্সার প্রতিপক্ষরা প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনার কাছে অভিয়োগ করেন সাজিমারা সরকারি প্রাইমারি স্কুলের ওই ছাত্র রাফিউল ইসলাম রাফি হামিদুর রহমান ফর্সার সন্তান না। রাফিউল ইসলাম রাফি একই গ্রামের হাবিবুর রহমান বইতুল্লাহর ছেলে।

অভিযোগের বিষয়টি সমাধানের জন্য প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনা স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের কাছে একটি প্রত্যয়ন পত্র চান। ইউপি চেয়ারম্যান তার প্রত্যয়নপত্রে উল্লেখ করেন, স্কুল ছাত্র রাফিউল ইসলাম রাফির বাবার নাম হামিদুর রহমান ফর্সা দিয়ে যে জন্মসনদটি দাখিল করেছে সেই জন্ম সনদটি ভূয়া। প্রকৃতপক্ষে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে স্কুলে একটি ভূয়া জন্ম সনদ দাখিল করা হয়েছে। স্কুলছাত্র রাফির বাবার নাম হাবিবুর রহমান বইতুল্লাহ।

এই ঘটনায় প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বিনার প্রতি ক্ষুব্ধ হয়ে ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনাকে স্কুলের একটি কক্ষে নিয়ে দরোজা বন্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে প্রধান শিক্ষিকাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। 

আরও পড়ুন: রংপুর মহানগরীতে স্কুলছাত্রকে চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যা

এই বিষয়ে ৩০ আগষ্ট শুক্রবার দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতায় “বকশীগঞ্জে প্রধান শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিয়েছেন সভাপতি প্রার্থী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর টনক নড়ে থানা পুলিশের। হামলাকারী হামিদুর রহমান ফর্সাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা নেয় বকশীগঞ্জ থানা পুলিশ।  আসামিদের গ্রেফতারের জন্য সাজিমারা এলাকায় অভিযান চালায় পুলিশ।

ইত্তেফাক/নূহু