বখাটের বাবা বললেন আর পারছি না ওকে শাস্তি দিন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৪

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটের হামলায় আহত হয়েছে উপজেলার পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী। বিউটি আক্তার (১৮) নামে ঐ ছাত্রীকে টেনেহেঁচড়ে মাটিতে ফেলে বুকের ওপর উঠে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে বখাটে সাইফুল খান। এ সময় বিউটির চিত্কারে তার সহপাঠীরা ছুটে আসলে পালিয়ে যায় ঐ বখাটে। শনিবার বেলা আড়াইটায় পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিলাগড় মসজিদের পাশে নিজ বাড়ির অদূরে বিউটির ওপর এই হামলা চালানো হয়।

এদিকে, বখাটে সাইফুল খানের বাবা মিলন খান ছাত্রীর ওপর হামলার সত্যতা স্বীকার করে বলেন, আমার ছেলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর পারছি না, ছেলের যন্ত্রণায় আমি অতিষ্ঠ। গত ঈদের দিনে সে তার মাকেও মারধর করেছে। তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।

আরো পড়ুন: এবার রানুর মেয়ে সাথীর গান ‘ভাইরাল’

জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার কলেজ থেকে বাড়ি ফিরছিল বিউটি আক্তারসহ তিন শিক্ষার্থী। টিলাগড় মসজিদের পাশে আশার সাথে সাথেই সাইফুল খান (২৩) তাদের আটকায়। তার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রকাশ্যে সে বিউটিকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। বিউটির চিত্কারে অন্য শিক্ষার্থীরা ছুটে আসলে বিউটির গলার স্বর্ণের চেইন, ঘড়ি, নাকফুল, কানের দুল নিয়ে পালিয়ে যায় সাইফুল। এসময় বিউটি মাথা ও পায়ে আঘাত পায়। গতকাল সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিউটির বাবা আব্দুল করিম জানান, বিষয়টি কলেজ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও কমলগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, কলেজ অধ্যক্ষ ফয়েজ আহমদ, শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিউটির জবানবন্দি গ্রহণ করেছেন। পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

ইত্তেফাক/বিএএফ