প্রেমিক অন্যত্র বিয়ে করায় অন্তঃসত্ত্বা প্রেমিকার আত্মহত্যা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৮

নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রেমে প্রতারিত হয়ে বকুল (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মৃত বকুল বেগমের সঙ্গে একই গ্রামের শাহারাজ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো।

বকুল বেগম (১৪) বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের দিনমজুর মোঃ নুরুল ইসলামের মেয়ে। বকুল আত্মহত্যা করেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার সময় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের ইছা আলীর বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বকুল বেগম(১৪) একই গ্রামের মোয়াজ্জম হোসেনের ছেলে মোঃ শাহারাজের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। শাহারাজ উদ্দিন (২০) তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ৩ মাস আগে বকুলের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বকুল বেগম ৩ মাসের অন্তঃসত্ত্বা হলে তার পরিবারের পক্ষ থেকে শাহারাজকে বিয়ে করার জন্য চাপ দেওয়া হয়। সে বিয়ে করবে করবে বলে সময় নষ্ট করে যাচ্ছিলো। 

এক পর্যায়ে বকুলের বাবা মা স্থানীয় আকতার মেম্বারকে বিষয়টি জানান। আকতার মেম্বার শাহারাজের সঙ্গে এ ব্যাপারে কথা বলে বিষয়টি সমাধান করবে বলে বকুলের পরিবারকে আশ্বাস দেয়। কিন্তু পরে আক্তার মেম্বার স্থানীয় মাস্টার সর্দারের ছেলে মোঃ দুলালের মাধ্যস্থতায় শাহারাজের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চুপ থাকে। 

এদিকে শাহারাজ উদ্দিন গত ৪দিন আগে আরেক মেয়েকে সামাজিকভাবে বিয়ে করে। বিষয়টি বকুল জানতে পেরে রাগে ক্ষোভে গতকাল গভীর রাতে নিজ গায়ের ওড়না গলায় জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন: পাথরঘাটায় সাবেক এমপি পুত্রের কাণ্ড, ভাবীকে পিটিয়ে আহত

এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের জানান, 'আমি ঘটনাটি শুনেছি ও স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মোঃ নাজির আহম্মেদকে বকুল বেগমের মৃত দেহ উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত সকলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছি।'

ইত্তেফাক/নূহু