খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৪

খুলনায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদ (৩৭)  নিহত হয়েছেন। রবিবার সকাল পৌঁনে ৭টার দিকে খুলনা মহানগরীর খুলনা-সাতক্ষীরা সড়কের নিজখামার এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের আনসার আলীর ছেলে।

আরও পড়ুন: মাগুরায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১৪

নগরীর লবণচরা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) রত্নেশ্বর কুমার মণ্ডল জানান, সকাল পৌঁনে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের নিজখামার এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে সাতক্ষীরাগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুস সামাদ নিহত হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আব্দুস সামাদ গ্রামের বাড়ি থেকে তার কর্মস্থল গোপালগঞ্জের কোটালিপাড়ায় ব্র্যাক ব্যাংকে যাচ্ছিলেন।পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

ইত্তেফাক/এমআরএম