নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মঙ্গলবার সকালে মামুন মিয়া নামে যুবকের কাদমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথি পুলিশটারী গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, টাইলস মিস্ত্রি মামুন সোমবার সকালে কাজে বের হয়ে বাড়ি ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে তার কাদামাখা লাশ পাওয়া যায় বাড়ি থেকে প্রায় আড়াই কিমি দূরে সন্তোষপুর ইউনিয়নের নেপারকুচি বিলের একটি ধান ক্ষেতে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহতের মা আরিফা বেগম হত্যা মামলা দায়ের করেন।
নাগেশ্বরী থানার ওসি পলাশ কুমার মণ্ডল জানান, ধারণা করা হচ্ছে হত্যাকারীরা তাকে নির্যাতন করে হত্যা করেছে। লাশের মাথায় চোট, ঠোঁট ক্ষত-বিক্ষত, দাঁতগুলো ওপরে ফেলানো। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি

