গাইবান্ধা সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর কামারপাড়া গ্রামে রণজিৎ চন্দ্র কর্মকারের বাড়ি সংলগ্ন দুর্গাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন বিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হল- ভবানীপুর কামারপাড়া গ্রামের আব্দুল আউয়াল, আব্দুল মান্নান, কাজী মো. আশরাফুল আলম ও মৌলভী মো. মাসুদ রানা।
রনজিৎ চন্দ্র কর্মকারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার (রনজিৎ চন্দ্র কর্মকার) সঙ্গে একই গ্রামের আব্দুল আউয়াল ও আব্দুল মান্নানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এরই জের ধরে শনিবার প্রকাশ্য দিবালোকে লাঠিসোটা এবং ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল আউয়াল ও আব্দুল মান্নানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়ি সংলগ্ন দুর্গা পূজা মণ্ডপ ও তার বাড়িঘরে হামলা করে। তারা মণ্ডপের শিব, লক্ষ্মী, সরস্বতীর মূর্তি ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।
আরো পড়ুন: স্বামী বাসর ঘরে ঢুকে দেখলেন স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় রণজিৎ চন্দ্র কর্মকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর পরই ৪ জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত আছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/বিএএফ

